নিখোঁজের একদিন পর লক্ষ্মীপুরে হাত-পা বাঁধা রাজমিস্ত্রির লাশ উদ্ধার

image 44

লক্ষ্মীপুরে নিখোঁজের একদিন পর খাল থেকে ইউছুফ হোসেন (৪৫) নামের এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইউছুফ সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পশ্চিম গৌপীনাথপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার দালালবাজার-পালেরহাট সড়কের কোরালিয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় এক যুবক টেটা দিয়ে মাছ ধরতে গিয়ে বাঁশগাছের নিচে মরদেহটি পড়ে থাকতে দেখে খবর দেয়।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ৯টার দিকে বাড়ির সামনে ইউছুফের সঙ্গে শেষবার কথা হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার রাতে খালে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার হয়। স্বজনদের দাবি, জমি নিয়ে ভাইদের সঙ্গে বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

স্থানীয় কাইয়ুম হোসেন বলেন, “আমি খালে মাছ শিকার করতে গিয়ে ইউছুফ চাচার মরদেহ পড়ে থাকতে দেখি। পরে সবাইকে জানাই।”

নিহতের স্বজন সদর উপজেলা জামায়াতের আমীর হুমায়ুন কবীরও অভিযোগ করেন, জমি-বিবাদকে কেন্দ্র করেই তাকে হত্যা করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”