
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী জানিয়েছেন, বিএনপি ও জামায়াতের যেসব বিদ্রোহী প্রার্থী রাজনৈতিক সংস্কারের পক্ষে এবং তৃণমূলে দৃঢ় যোগাযোগ বজায় রাখেন—এনসিপি তাদের মনোনয়ন দিতে প্রস্তুত।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণার আগে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “প্রথম ধাপে আমরা ১২৫ জনকে মনোনয়ন দিচ্ছি।”
তিনি আরও জানান, দ্বিতীয় ধাপে বিএনপি ও জামায়াতের সংস্কারপন্থী বিদ্রোহীদের মনোনয়ন দেওয়া হবে। পাশাপাশি যারা অর্থনৈতিক কারণে পিছিয়ে পড়েছেন কিন্তু জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন এবং সংসদে প্রতিনিধিত্ব করতে আগ্রহী—তাদের জন্যও এনসিপির দরজা খোলা।
অন্য দলের বিদ্রোহীরা কতজন যোগাযোগ করেছে—এমন প্রশ্নে তিনি বলেন, “সংখ্যাটা এখনই বলা সম্ভব না, তবে অনেকেই যোগাযোগ করছেন। মাঠে উত্তাপ কমে গেছে মানে যোগাযোগ শুরু হয়েছে।”
ছাত্র উপদেষ্টারা এনসিপির প্রার্থী হবেন কি না—এ প্রশ্নে নাসীরুদ্দীন পাটোয়ারী জানান, “তারা এখনো পদত্যাগ করেননি। পদত্যাগ করলে বিষয়টি বিবেচনা করা যাবে।” প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির সদস্যসচিব আখতার হোসেন।