
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়–১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার (১০ ডিসেম্বর) বাংলামোটর কার্যালয়ে প্রথম ধাপের মনোনীত প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করে এনসিপি। এ পর্যায়ে মোট ১২৫টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়।
গত ১৬ নভেম্বর সারজিস আলম এনসিপির বাংলামোটর অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পঞ্চগড়–১ আসনটি সদর, তেঁতুলিয়া এবং অটোয়ারী উপজেলার অংশ নিয়ে গঠিত (বোদা পৌরসভার একটি অংশ বাদে)।
এর আগে ৩ নভেম্বর বিএনপি এই আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে। দলটি ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।