জাতীয় নির্বাচনে থাকছে না পোস্টার, আচরণবিধি লঙ্ঘনে বাড়ছে দণ্ড

image 20

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় আর পোস্টার ব্যবহার করা যাবে না। নতুন বিধান অনুযায়ী একজন প্রার্থী তার আসনে সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন।

রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য প্রণীত আচরণ বিধিমালায় এ নিয়ম যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এতে বলা হয়েছে, নির্বাচনের দিন ও প্রচারণার সময় কোনো প্রকার ড্রোন, কোয়াড কপ্টার বা অনুরূপ যন্ত্র ব্যবহার করা যাবে না। বিলবোর্ডের দৈর্ঘ্য সর্বোচ্চ ১৬ ফুট এবং প্রস্থ ৯ ফুট নির্ধারণ করা হয়েছে। প্রতিটি আসনে একজন প্রার্থী সর্বাধিক ২০টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রণীত এ বিধিমালা বুধবার আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি।

এবারের আচরণ বিধিমালায় নারীদের সাইবার বুলিং প্রতিরোধ, বিদেশে কোনো প্রার্থীর পক্ষে সরাসরি প্রচারণা নিষিদ্ধকরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে মিথ্যাচার বা অপপ্রচার চালালে শাস্তির বিধান যুক্ত করা হয়েছে।

এছাড়া বিধিমালা ভঙ্গের শাস্তি আরও কঠোর করার প্রস্তাব করেছে ইসি। নতুন প্রস্তাবে প্রার্থিতা বাতিলের বিধান রাখা হয়েছে, জরিমানার পরিমাণ বাড়িয়ে ৫০ হাজার থেকে দেড় লাখ টাকা করা হয়েছে। পাশাপাশি, পূর্বের মতোই সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বহাল রাখা হয়েছে।

তবে আগের বেশিরভাগ বিধান অপরিবর্তিত থাকলেও এবার বেশ কয়েকটি নতুন ধারা যোগ করা হয়েছে।