নরসিংদী ভূমিকম্প: বাবা-ছেলের দাফন কিশোরগঞ্জে সম্পন্ন

image 295

নরসিংদীতে ভূমিকম্পের সময় দেয়াল ধসে মারা যাওয়া কিশোরগঞ্জের পাকুন্দিয়ার দেলোয়ার হোসেন উজ্জ্বল (৩৮) ও তার নয় বছরের ছেলে হাফেজ ওমরের জানাজা শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। পাকুন্দিয়া পৌরসভার উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেন। এরপর বাবা-ছেলেকে তানিয়া গোরস্থানে দাফন করা হয়।

এর আগে শুক্রবার রাতে মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ঘটনা ঘটে গত শুক্রবার (২১ নভেম্বর) সকাল পৌনে ১১টায়, নরসিংদীর গাবলতি এলাকায় ভূমিকম্পের সময় পাশের বাড়ির দেয়াল ধসে দেলোয়ার ও তার ছেলে মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় দুজনই মারা যান।

নিহত দেলোয়ার পাকুন্দিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। একই ঘটনায় তার দুই কন্যা আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চাকরির কারণে দেলোয়ার পরিবার নরসিংদী শহরের গাবলতি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিল। ভূমিকম্পের সময় দেয়াল ধসে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।