শপথ অনুষ্ঠানে আসছেন না নরেন্দ্র মোদি

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সরকারের নতুন মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে নিজে উপস্থিত থাকবেন না। তবে ভারতের একজন সিনিয়র মন্ত্রী প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে যোগ দিতে পারেন, ঢাকার একটি কূটনৈতিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে বাংলাদেশ সরকার মোদিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছিল। অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করতে যাচ্ছে। শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১৭ ফেব্রুয়ারি। পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই সার্কভুক্ত দেশসহ কয়েকটি দেশের সরকার প্রধানকে আমন্ত্রণপত্র পাঠিয়েছে। মোদি অংশ নিতে না পারার কারণ হিসেবে ভারতের এআই ইম্প্যাক্ট সামিট উল্লেখ করা হয়েছে।

সূত্র জানিয়েছে, ভারতের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। এর আগে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় এস. জয়শঙ্কর ঢাকায় উপস্থিত ছিলেন।

কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কিছুটা স্থবির ছিল। তবে খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের উচ্চপদস্থ মন্ত্রীর আগমন এই দূরত্ব কিছুটা কমিয়েছে। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের মন্ত্রীর অংশগ্রহণ দুই দেশের সম্পর্ক পুনরুদ্ধারে সহায়ক হতে পারে।