
বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘মাই টিভি’র চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দীন আহমেদ এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান নাসির উদ্দিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। মামলার নথি অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীর পাকা রাস্তায় গুলিবিদ্ধ হন মো. আসাদুল হক বাবু। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় গত বছরের ৩০ আগস্ট নিহত বাবুর বাবা জয়নাল আবেদীন যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। সেখানে নাসির উদ্দিনকে ২২ নম্বর এবং তার ছেলে তৌহিদ আফ্রিদিকে ১১ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।