
রাজবাড়ীর পাংশায় মোটরসাইকেল চুরি মামলায় আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০। এ সময় চুরি যাওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গত ২৬ ফেব্রুয়ারি দুপুরে পাংশা মডেল মসজিদের নিচতলা থেকে মো. আতিকুর রহমান কুতুবের (৩৩) একটি সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল (রেজি: ঢাকা মেট্রো-ল-৬৫-৩২৭৩, মূল্য প্রায় ৩ লাখ ৪০ হাজার টাকা) তালা ভেঙে চুরি হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারে র্যাব-১০ এর সহযোগিতা চান।
পরে গোয়েন্দা তথ্য, সিসিটিভি ফুটেজ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় র্যাব-১০ এবং র্যাব-৮ যৌথ অভিযান চালিয়ে ২৭ সেপ্টেম্বর বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলারা বাজার থেকে দুই আসামিকে গ্রেফতার করে। তারা হলেন— মো. জহিরুল ইসলাম রনি (৩১) ও খোকন মন্ডল (৩০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।