মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ২৩ জন গ্রেপ্তার

prothomalo bangla 2025 01 21 b37e8nyh DMP

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অভিযোগে ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে এই অভিযান চালানো হয়।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইবনে মিজানের নেতৃত্বে গতকাল দুপুরে আড়াই ঘণ্টাব্যাপী এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

ডিএমপি জানিয়েছে, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী ও সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছেন। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।