মব’ শিকার হয়ে সাত মাসে নিহত ১১১ জন: আসক

image 25

চলতি বছরের ১ জানুয়ারি থেকে গত সাত মাসে ‘মব সন্ত্রাসে’ বা গণপিটুনিতে ১১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

আসক জানায়, সর্বশেষ ৯ আগস্ট রংপুরের তারাগঞ্জ উপজেলায় ভ্যান চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় তারা গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে।

সংস্থাটি বলেছে, আইন নিজের হাতে তুলে নেওয়া আইনের শাসন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের আইনগত সুরক্ষা ও জীবন রক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে, যা এসব ঘটনায় গুরুতরভাবে লঙ্ঘিত হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার আইনেও এ ধরনের ঘটনা জীবন ও নিরাপত্তার অধিকারের গুরুতর হানিকর।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণপিটুনিতে হত্যার ঘটনা ধারাবাহিকভাবে ঘটছে, যা নাগরিকদের মধ্যে গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি করছে। বিচারহীনতার এই সংস্কৃতি সামাজিক সম্প্রীতি ও আইনের শাসনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

আসক যেকোনো সংঘবদ্ধ প্ররোচনামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীকে দায়মুক্তি না দিয়ে দ্রুত শনাক্ত করে কঠোর জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে।