
রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি বাসে গুলি চালিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেট্রো রেলের ২৬৬ নম্বর পিলারের কাছে।
ঢাকা মহানগর পুলিশের কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, আলিফ পরিবহনের বাসটি সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি হাতের ইশারায় বাসটি থামাতে বলে। পরে তিনজন বাসের গতিরোধ করে। এর মধ্যে দুজন বাসে উঠে চালক ও সহকারীকে পিটিয়ে নামিয়ে দেয় এবং যাত্রীদের নেমে যেতে বাধ্য করে। এরপর তারা বাসে আগুন ধরিয়ে দেয়। একই সঙ্গে নিচে থাকা আরেকজন দুর্বৃত্ত জানালার গ্লাস লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, সম্প্রতি আলিফ পরিবহন থেকে কিছু কর্মী ছাঁটাই করা হয়েছিল। এ কারণে ক্ষুব্ধ হয়ে চাকরিচ্যুতদের একটি অংশ এ হামলা চালিয়েছে বলে ধারণা করছে পুলিশ। ইতিমধ্যে বাস মালিককে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।