মানিকগঞ্জে জুয়েলার্সের কর্মচারীকে ছুরিকাঘাত, ২২ ভরি স্বর্ণ লুট

c5

মানিকগঞ্জে ‘নিকেতন জুয়েলার্স’ নামে একটি দোকানে ঢুকে কর্মচারীকে ছুরিকাঘাত করে প্রায় ২০ থেকে ২২ ভরি স্বর্ণালঙ্কার লুট করেছে দুর্বৃত্তরা। শনিবার (মধ্যরাতে) এ ঘটনা ঘটে।

আহত কর্মচারীর নাম শুভ দাস। তিনি শিবালয় উপজেলার মহাদেবপুর গ্রামের কার্তিক দাসের ছেলে। গুরুতর অবস্থায় তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে শুভ দোকানে একা কাজ করছিলেন। সে সময় দুজন দুর্বৃত্ত দোকানে প্রবেশ করে তাকে ছুরিকাঘাত করে এবং মুহূর্তের মধ্যে স্বর্ণালঙ্কারগুলো নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা আওয়াজ শুনে ঘটনাস্থলে গিয়ে শুভকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।