
ইফতেখার হোসাইন, প্রতিবেদক :
মালয়েশিয়ার মেলাকা রাজ্যের তানজুং কিলাংয়ের তাঙ্গা বাতু শিল্প এলাকায় একটি ইলেকট্রনিক কারখানার ট্রান্সফরমার রুমে অগ্নিকাণ্ডের ফলে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টার দিকে আগুন লাগার পর ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের (বিপিপি) অপারেশন কমান্ডার সিনিয়র ফায়ার অফিসার আই রোসলান মানস জানান, জরুরি কল পাওয়ার পর বিপিপি চেংয়ের সহায়তায় ১২ জন দমকল কর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

দোতলা ভবনের ওপরের তলায় অবস্থিত প্রায় এক হাজার বর্গফুটের ট্রান্সফরমার রুমের ৪০ শতাংশ অংশ আগুনে পুড়ে যায়। এতে চারজন বাংলাদেশি শ্রমিক আটকা পড়েন। দমকল কর্মীরা দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করতে পারলেও বাকি দুইজন ঘটনাস্থলেই মারা যান।
অগ্নিকাণ্ডের কারণ ও সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তবে নিহত ও আহতদের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
/হ্যাভেন টিভি ডট প্রেস

