
লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশের খ্যাতনামা ও তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী মনির খান। শুধু সঙ্গীত জগতেই নয়, তিনি দীর্ঘদিন ধরে রাজনীতিতেও সক্রিয়। বর্তমানে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সহসম্পাদক এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত মনির খান ইতোমধ্যে সেখানে দুটি স্টেজ শো সম্পন্ন করেছেন। এ সময়ই তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হয়।
সাক্ষাৎ প্রসঙ্গে মনির খান গণমাধ্যমকে জানান, “জি, উনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। তিনি আমাদের দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অভিভাবক। সাংস্কৃতিক ও রাজনৈতিকসহ নানা বিষয়ে আমাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। তিনি সংস্কৃতিবান্ধব একজন মানুষ।”
তিনি আরও বলেন, “অনেক দিন ধরে আশপাশের কয়েকটি দেশের সংস্কৃতি আমাদের নিজস্ব সংস্কৃতিকে গ্রাস করছে। কীভাবে এই বিদেশি সাংস্কৃতিক আগ্রাসন থেকে বাংলাদেশি সংস্কৃতিকে রক্ষা করে আরও বিকশিত করা যায়, সেই বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে। রাজনৈতিক বিষয় নিয়েও কথা হয়েছে এবং তিনি বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন।”
মনির খানের ভাষায়, “আলোচনার সময় লক্ষ্য করেছি, তিনি সবকিছুর আগে বাংলাদেশকে প্রাধান্য দেন। কিভাবে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া যায়, কিভাবে তাদের ভাতের অধিকার নিশ্চিত করা যায়—এসব বিষয় নিয়েই তিনি সর্বাগ্রে ভাবেন।”