
না ফেরার দেশে বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্ডিয়া টুডে, মিড ডে-সহ ভারতের শীর্ষ গণমাধ্যমগুলো তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। মৃত্যুকালে ধর্মেন্দ্রর বয়স হয়েছিল ৮৯ বছর।
এই কিংবদন্তি অভিনেতার প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা জানাচ্ছেন তাকে। হাসপাতালে উপস্থিত ছিলেন তার স্ত্রী ও অভিনেত্রী হেমামালিনী, দুই পুত্র সানি ও ববি দেওল, আমিশা প্যাটেল, শাহরুখ খান, সালমান খানসহ আরও অনেক তারকা।
পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায়, প্রায় এক সপ্তাহ আগে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ধর্মেন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সোমবার সকাল থেকে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
তবে সোমবার রাতে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল—ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং উদ্বেগের কোনো কারণ নেই। তারা জানিয়েছিলেন, তাকে কেবল নিয়মিত চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য হাসপাতালে রাখা হয়েছে।