জাগপা ও আজাদীর সদস্য কার্যক্রম উদ্বোধন

জাগপা ও আজাদীর সদস্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-র সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকালে পল্টনের শফিউল আলম প্রধান মিলনায়তনে দলের সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। একই অনুষ্ঠানে তিনি অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘আধিপত্যবাদবিরোধী জাতীয় দীক্ষা–আজাদী’র ঘোষণাও দেন। দেশ ও প্রবাস থেকে www.jogdaanbd.org ওয়েবসাইটের মাধ্যমে জাগপা ও আজাদীতে যোগ দেওয়া যাবে।

রাশেদ প্রধান বলেন, মজলুম জননেতা শফিউল আলম প্রধানের হাতে গড়া জাগপা গত ৪৬ বছর ধরে দেশ ও নিপীড়িত মানুষের পক্ষে কাজ করে আসছে। জাতীয় নির্বাচনের পর সংগঠন সম্প্রসারণের লক্ষ্যেই এই যোগদান কার্যক্রম শুরু করা হয়েছে। পাশাপাশি বাহ্যিক ও অভ্যন্তরীণ রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে দেশপ্রেমিক প্ল্যাটফর্ম গড়ে তুলতেই ‘আজাদী’ প্রতিষ্ঠা করা হয়েছে।

যোগদান কার্যক্রম পরিচালনার জন্য পাঁচজন দায়িত্বশীলের নামও ঘোষণা করা হয়। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নজরুল ইসলাম বাবলু, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এস এম জিয়াউল আনোয়ার, খুলনা ও বরিশাল বিভাগে সাব্বির আহমেদ, রাজশাহী ও রংপুর বিভাগে শামীম আহমেদ এবং প্রবাসী বিভাগের দায়িত্বে থাকবেন ওলিউল আনোয়ার। তারা সমন্বয় ও পরিচালনার দায়িত্ব পালন করবেন।