
বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বায়ুদূষণ বৃদ্ধি পাচ্ছে, আর দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকা এ সমস্যার মধ্যে রয়েছে। সম্প্রতি ঢাকার বায়ুমান কিছুটা উন্নতির দিকে থাকলেও, কয়েক দিন ধরে শহরের বাতাস ফের ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে চলে এসেছে।
রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৫২ একিউআই স্কোর নিয়ে ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে। এ স্কোর জনস্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য হয়।
একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার একিউআই স্কোর ২৯২। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি (২৩৮ স্কোর), তৃতীয় কলকাতা (১৮৩ স্কোর), চতুর্থ হ্যানয় (১৬০ স্কোর) এবং পঞ্চম মুম্বাই (১৫৮ স্কোর)।
একিউআই স্কোর অনুযায়ী, ০–৫০ পর্যন্ত বায়ু ভালো, ৫১–১০০ পর্যন্ত মাঝারি, ১০১–১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১–২০০ সাধারণের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১–৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, যেখানে শিশু, প্রবীণ ও অসুস্থদের বাড়ির ভিতরে থাকার এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়। ৩০১–৪০০ স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ধরা হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।