আবিদের উক্তি নিয়ে ব্যঙ্গ, ক্ষমা চাইলেন শিবিরের ৭ কর্মী

image 64

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের কয়েকজন কর্মী ব্যঙ্গাত্মক ভিডিও প্রচারের ঘটনায় ক্ষমা চেয়েছেন। ভিডিওটিতে ছাত্রদল নেতা ও ডাকসু নির্বাচনে ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলামকে নিয়ে ব্যঙ্গ করা হয়। শনিবার (১৩ সেপ্টেম্বর) তারা সার্বিক ঘটনা ব্যাখ্যা করে দুঃখ প্রকাশ করেন।

জানা গেছে, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় আবিদের মুখে উচ্চারিত বিখ্যাত বাক্য— “প্লিজ, কেউ কাউকে ছেড়ে যাইয়েন না”—নিয়ে ব্যঙ্গ করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। ডাকসুর ফল ঘোষণার পর (৯ সেপ্টেম্বর, মঙ্গলবার) অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাইমুর রহমান ফেসবুকে ভিডিওটি পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায়।

এরপর দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীরা মজার ছলে দুই প্রার্থীর প্রচারণায় ব্যবহৃত স্লোগান নকল করছেন। অভিযুক্তরা হলেন—ওমর ফারুক (ইইই ২০-২১), নাহিদ হাসান (আল কুরআন ২০-২১), নাইমুর রহমান (অর্থনীতি ২১-২২), সোহান (আইন ১৭-১৮), রোকনুজ্জামান রোকন (মার্কেটিং ১৯-২০), মোজাম্মেল (দাওয়াহ ২১-২২) এবং আবদুল্লাহ নুর মিনহাজ (আল হাদিস ২০-২১)।

অভিযুক্ত শিক্ষার্থীরা জানিয়েছেন, এটি ছিল বন্ধুমহলে করা একটি মজার আলোচনা, যেখানে সাদিক কায়েম ও আবিদুল ইসলাম—উভয়কেই উল্লেখ করা হয়। তারা দাবি করেন, মূল ভিডিওর শেষের ১২ সেকেন্ড কেটে অনলাইনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হয়েছে। তাদের কোনোভাবেই জুলাই আন্দোলন কিংবা আবিদের কৃতিত্বকে হেয় করার ইচ্ছা ছিল না।

তারা আরও বলেন, “আমাদের সামান্য মজা সহযোদ্ধাদের ব্যথিত করবে, তা আমরা বুঝতে পারিনি। জুলাইয়ের কৃতিত্ব নিয়ে কোনো কটাক্ষ করার উদ্দেশ্য আমাদের ছিল না। এরপরও যারা আঘাত পেয়েছেন, আমরা আন্তরিকভাবে তাদের কাছে ক্ষমা চাইছি।”