
খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ইসমাইল মার্কেটসহ অন্তত ১৯টি দোকান পুড়ে গেছে। শনিবার (৪ অক্টোবর) গভীর রাতে এই আগুনের ঘটনা ঘটে, যা মুহূর্তের মধ্যেই পুরো বাজারে ছড়িয়ে পড়ে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, শনিবার রাত আনুমানিক পৌনে ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে রামগড় ও মাটিরাঙ্গা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরাও আগুন নেভাতে অংশ নেন। সমন্বিত প্রচেষ্টায় রাত ৩টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে মোটর গ্যারেজ, ইলেকট্রনিক্স, ফার্নিচার ও মুদির দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাজারের একটি গাড়ির ওয়ার্কশপ থেকে বা বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে।
ঘটনার পরপরই সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের কমান্ডার ও গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন।