‘৯০ মিনিট লড়াই চালিয়ে যান’: নাসীরুদ্দীন

ঢাকার শাহজাহানপুরে মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেছেন ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবিটি বেলা পৌনে ১২টার দিকে তোলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শাপলা কলি প্রতীকে বেশি ভোট পড়ায় একটি পক্ষ আতঙ্কিত হয়ে ভোটারদের কেন্দ্র ছাড়াতে চেষ্টা করতে পারে। তাই তিনি নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে বলেন, “৯০ মিনিট খেলায়, অর্থাৎ ভোটকেন্দ্রে থাকুন। ভয় পাবেন না, মাথায় হাত দেবেন না।”

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ আসনে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস।

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া দেখা যাচ্ছে এবং তিনি আশা করছেন ঢাকা-৮ আসনে শাপলা কলির বড় জয় হবে। তবে তিনি বলেন, এ বিজয় কোনো ব্যক্তির নয়; এটি শহীদ ওসমান হাদির আত্মত্যাগের বিজয়। অনেক ভোটার তাকে জানিয়েছেন, শহীদ ওসমান হাদির হত্যার বিচার প্রত্যাশা থেকেই তারা তাকে ভোট দিচ্ছেন।

জয়ী হলে সবাইকে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারত্ব কোনোভাবেই সহ্য করা হবে না। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি আরও বলেন, জালেমদের উচ্ছেদ করে মজলুমদের অধিকার প্রতিষ্ঠা করা হবে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করা হবে না।

তিনি দাবি করেন, সারা দেশেই ১১-দলীয় জোটের প্রার্থীরা ভালো অবস্থানে আছেন। এই ধারা অব্যাহত থাকলে জোট সরকার গঠন করতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় বিভিন্ন স্থানে জোটের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে তিনি বলেন, হামলার আশঙ্কা দেখা দিলে প্রশাসনকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রশাসন বা সেনাবাহিনীর উপস্থিতিতে কেউ আঘাত করলে তার জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।