আসলে শেখ হাসিনা আমার মায়ের মতো: কাদের সিদ্দিকী

image 226

শেখ হাসিনাকে নিজের মায়ের মতো মনে করেন বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম। তিনি বলেন, “আসলে শেখ হাসিনা আমার মায়ের মতো। পৃথিবীতে আমার মায়ের চেয়ে সম্মানী কেউ নেই আমার কাছে। আমার বড় দুই ভাইবোন মারা গেছেন। ছোট তিনজন বোন আছে, কিন্তু বড় বোন ছিল না—সেই শূন্যতাই তিনি পূরণ করেছেন।”

শনিবার (১৫ নভেম্বর) ইউটিউব চ্যানেল ‘চিঠি’-তে প্রকাশিত এক ভিডিওতে তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী জানান, “জন্মদিনের হিসাবে শেখ হাসিনা আমার চেয়ে তিন-চার মাস ছোট। তাকে আমি শতবার পায়ে হাত দিয়ে সালাম করেছি—তা রাজদরবারে হোক বা জনপথে বা ঘরে, কখনো ভেবে দেখিনি। আমার ভাইবোনদের যেমন ভালোবাসি, তাকেও তেমনই ভালোবাসি—এখনও। ব্যক্তিগত সম্পর্কে কোনো দূরত্ব নেই, দূরত্ব আছে তার কর্মকাণ্ড নিয়ে।”

তিনি বলেন, “তার অনেক কর্মকাণ্ডকে আমি সমর্থন করি না। তিনি যখন দেশের সরকার প্রধান, তখন সবার প্রতি তার দায়িত্ব থাকে—চোরের প্রতিও। হয়তো তিনি তা গুরুত্বের সঙ্গে উপলব্ধি করেননি—সেখানেই আমার দূরত্ব। বক্তৃতা শুরু করলেই বিএনপি-জামায়াত বলেন—এ ধারনাতেও আমার আপত্তি আছে। বিরোধী দল সরকারকে অজনপ্রিয় করতেই চাইবে, সেটাই তাদের কাজ। সরকার অন্যায়ভাবে এতে বাধা দিতে পারে না। আমি অনেকবার তাকে বলেছি—৬ মাস বক্তৃতায় বিএনপি-জামায়াত শব্দ বাদ দিন, দেখবেন—অহেতুক জনপ্রিয়তা কমে যাবে না। সাধারণ মানুষ অযৌক্তিক কথা মানতে চায় না—এ কারণেও দূরত্ব তৈরি হয়েছে।”

তবে ব্যক্তিজীবনে শেখ হাসিনার প্রতি তার সম্মান অপরিবর্তিত—“আগেও তাকে মায়ের মতো সম্মান করেছি, এখনো করি,” বলেন তিনি।

শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “তার বিরুদ্ধে যে অভিযোগই আসুক, আইন অনুসারে প্রতিকার করতে হবে—এটাকেই আমি সমর্থন করি। কেউ আইনের ঊর্ধ্বে নয়—তিনিও নন। আবার আইন ছাড়া তাকে বিচার করার পক্ষেও আমি নই।”

তিনি আরও বলেন, “অনেকে বলেন, শেখ হাসিনা পালিয়েছে—আমি ব্যাকরণগতভাবে এটাকে মানি না। তিনি পালিয়ে যাননি। তাকে রাষ্ট্রীয়ভাবেই ভারতে পাঠানো হয়েছে, ভারতও গ্রহণ করেছে। পালিয়ে গেলে তিনি যাত্রীবাহী বিমানে বা অন্য কোনো পথে যেতেন। কিন্তু তিনি সেনাবাহিনী ও বিমানবাহিনীর বিমানে গেছেন এবং ভারতে সামরিক বিমানঘাঁটিতে নেমেছেন। তাই এটাকে পালানো বলা যায় না।”