
ঢাকা, ৩১ জুলাই:
‘জুলাই সনদ’ চূড়ান্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে শতাধিক মানুষ শাহবাগ মোড়ে জড়ো হয়ে অবরোধ শুরু করেন। তাদের বেশিরভাগের হাতেই ছিল লাল-সবুজের পতাকা এবং ‘জুলাই যোদ্ধা’ পরিচয় সম্বলিত ব্যানার।
অবরোধের কারণে শাহবাগ এবং আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যার ফলে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন। এসময় শাহবাগ মোড়ে পুলিশের অবস্থানও লক্ষ্য করা গেছে।
আন্দোলনকারীদের ভাষ্য, এখনো পর্যন্ত ‘জুলাই সনদ’ ঘোষিত না হওয়ায় আহত এবং শহীদ পরিবারের সদস্যরা বাধ্য হয়ে রাজপথে নেমেছেন। তারা বলেন, “জুলাই সনদ আমাদের দাবি নয়, এটি আমাদের অধিকার।” দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এমনকি তারা হুঁশিয়ারি দিয়েছেন, আশ্বাস পূরণ না হলে শাহবাগে অস্থায়ী মঞ্চ তৈরি করে অবস্থান ধর্মঘটে যাবেন।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর গণমাধ্যমকে বলেন, “অবরোধের কারণে শাহবাগ মোড় ও আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।”

