
জ্বর হলে নিকটস্থ হাসপাতালে গিয়ে ডেঙ্গুর পরীক্ষা করানোর জন্য সতর্ক করেছেন স্বাস্থ্য অধিদপ্তর। পরীক্ষায় ডেঙ্গুর সংক্রমণ ধরা পড়লে অনতিবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক মঈনুল আহসান গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানান, আজ এক দিনে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। পর্যালোচনায় দেখা গেছে, এই ৯ জনের মধ্যে ৭ জন হাসপাতালের ভর্তি হওয়ার দিনই মারা গেছেন। তাদের মধ্যে রোগী হাসপাতালে আসতে দেরি হওয়ায় ডেঙ্গু জটিল আকার ধারণ করেছিল এবং যথাযথ চিকিৎসা দেওয়ার সুযোগ সীমিত ছিল। বাকি ২ জনের মধ্যে একজনও ভর্তি হওয়ার পরদিন মারা যান।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, হাসপাতালে বা চিকিৎসকের কাছে দেরিতে আসার কারণে জটিল রোগীদের চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়ছে। এজন্য সব জ্বর আক্রান্ত রোগীকে তৎক্ষণাত নিকটস্থ হাসপাতালে গিয়ে ডেঙ্গু পরীক্ষা করানোর জন্য অনুরোধ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেঙ্গু চিকিৎসার ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর অত্যন্ত সতর্ক ও তৎপর। সব হাসপাতালে পর্যাপ্ত ডেঙ্গু পরীক্ষা কিট, স্যালাইন এবং ওষুধ মজুত আছে। তবে মৃত্যু হ্রাস করতে হলে দ্রুত শনাক্তকরণ, গাইডলাইন অনুযায়ী চিকিৎসা এবং মশা নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করা প্রয়োজন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নয়জন রোগীর মৃত্যু হয়েছে। একই সময় এক দিনে এই বছরের সর্বোচ্চ সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে ২১ সেপ্টেম্বরও ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যু হয়েছিল, যা তখন বছরের সর্বোচ্চ মৃত্যুর ঘটনা হিসেবে নথিভুক্ত হয়েছিল।