
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান
স্থানীয় সময় মঙ্গলবার জাপানের পশ্চিম উপকূলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া অফিস এই তথ্য নিশ্চিত করেছে। তবে দেশজুড়ে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
জাপানের আবহাওয়া সংস্থা জানায়, শিমানে প্রিফেকচারে সকাল ১০টা ১৮ মিনিটে কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৮।
ভূমিকম্পের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পশ্চিমাঞ্চলীয় শহর ইয়াসুগিতে শিন্দো স্কেলে কম্পনের মাত্রা পাঁচের বেশি রেকর্ড করা হয়, যা ভারী আসবাবপত্রকে স্থানচ্যুত করতে পারে এবং গাড়ির স্টিয়ারিং নিয়ন্ত্রণে সমস্যা সৃষ্টি করতে পারে।
জাপান আবহাওয়া সংস্থা জানায়, একই অঞ্চলে ৪.৫, ৫.১, ৩.৮ ও ৫.৪ মাত্রার কয়েকটি ছোট ভূমিকম্পও আঘাত হেনেছে। সুনামি সতর্কতা জারি করা হয়নি।
জাপান প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’-এর পশ্চিম প্রান্তে অবস্থিত, যেখানে চারটি প্রধান টেকটোনিক প্লেট মিলিত হয়েছে। বিশ্বের সবচেয়ে ভূমিকম্প-সক্রিয় দেশগুলোর মধ্যে একটি হিসেবে এখানে প্রায় ১২৫ মিলিয়ন মানুষ বসবাস করে এবং প্রতি বছর প্রায় ১৫০০টি ভূমিকম্প অনুভূত হয়, যার বেশিরভাগই কম মাত্রার।