
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের হার্টে তিনটি মেজর ব্লক ধরা পড়েছে। চিকিৎসকরা তার জরুরি বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন।
দলের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করেছেন জামায়াত আমীরের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি জানান, গত সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান ডা. শফিক। এরপর থেকে চলতে থাকে বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা।
সর্বশেষ, বুধবার কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামানের অধীনে এনজিওগ্রাম করা হলে তার হার্টে ৩টি বড় ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের মতে, এনজিওপ্লাস্টি না করে বাইপাস সার্জারি করাই শ্রেয়।
প্রাথমিকভাবে তাকে বিদেশে পাঠানোর কথা ভাবা হলেও, তিনি তা নাকচ করে দেন। তিনি জানান, দেশীয় চিকিৎসার উপরই তার পূর্ণ আস্থা রয়েছে। তাই এখন দেশেই জরুরি ভিত্তিতে বাইপাস সার্জারি করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।
দলীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং জামায়াত আমীর ডা. শফিকুর রহমান ও তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।