জয়পুরহাটে জাকের পার্টির জনসভা ও র‍্যালি

image 184


ঢাকা মহাসমাবেশের প্রস্তুতি ও আসন্ন নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জয়পুরহাট জেলা জাকের পার্টির উদ্যোগে র‍্যালি ও জনসভার আয়োজন করা হয়। বুধবার সন্ধ্যায় জামালগঞ্জ বাজার চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা জাকের পার্টির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, জেলা বাস্তুহারা ফ্রন্টের সভাপতি গোলাম রসুল মজনু, ছাত্র ফ্রন্ট বগুড়া সাংগঠনিক বিভাগের সভাপতি আবু শরিফ, যুব ওলামা রাজশাহী বিভাগের সভাপতি আব্দুল লতিফ সিদ্দিকী, জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মতিবুল, জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি ইউসুফ আলী, জেলা কৃষক ফ্রন্ট নেতা আবুল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি গাজীউল ইসলাম, যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি বাবুল আলম, জেলা তালাবা ফ্রন্টের সভাপতি নাদিম মাহমুদ বাদল ও ভক্তফ্রন্ট নেতা টুটুল ভট্টাচার্য।

বক্তারা বলেন, দেশে ইসলাম এসেছিল অলি-আউলিয়াদের হাত ধরে, আর জাকের পার্টি সেই আদর্শের প্রতিনিধিত্ব করছে। দেশের স্বাধীনতা অর্জিত হলেও মানুষ এখনো প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারেনি। তাদের দাবি, জাকের পার্টি ক্ষমতায় এলে তিন বছরের মধ্যেই দেশকে উন্নতির শিখরে পৌঁছে দেবে। তবে বর্তমানে পরিকল্পিতভাবে জাকের পার্টিকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা চলছে।