ইসরায়েলের হয়ে কাজ করা ১৫৮ কোম্পানির তালিকা প্রকাশ করল জাতিসংঘ

image 196

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতিতে কার্যক্রম পরিচালনাকারী কোম্পানিগুলোর হালনাগাদ তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) প্রকাশিত এ তালিকায় ১১টি দেশের মোট ১৫৮ প্রতিষ্ঠানের নাম রয়েছে।

আলজাজিরা, রয়টার্স ও ফ্রান্স-২৪ জানায়, তালিকায় যুক্ত হয়েছে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান এয়ারবিএনবি, বুকিং ডটকম, মটোরোলা সলিউশন্স এবং ট্রিপ অ্যাডভাইজর। তবে আলস্টম ও ওপোডোর মতো কিছু প্রতিষ্ঠান এবার বাদ পড়েছে।

নতুন তালিকায় অন্তর্ভুক্ত বেশিরভাগ কোম্পানিই ইসরায়েলভিত্তিক। এ ছাড়া কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রভিত্তিক কিছু প্রতিষ্ঠানও রয়েছে। এসব কোম্পানি পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের ভূমি দখল, নির্মাণকাজ, নজরদারি, উচ্ছেদ কিংবা কৃষিজমি ধ্বংসের মতো কর্মকাণ্ডে জড়িত।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, এটি ২০২৩ সালে প্রকাশিত তালিকার সর্বশেষ আপডেট। এবারে ৬৮টি নতুন প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করা হয়েছে এবং সাতটি প্রতিষ্ঠানকে বাদ দেওয়া হয়েছে, কারণ তারা আর সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত নয়।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেন, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন নীতি যুদ্ধাপরাধের শামিল। তিনি দখলদার শক্তিগুলোকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।