৭০ হাজার ফিলিস্তিনি নিহত—স্বীকার করল ইসরায়েল

image 273

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন—এমন হিসাব মেনে নিয়েছে ইসরায়েল। দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাতে একাধিক ইসরায়েলি সংবাদমাধ্যম এই তথ্য প্রকাশ করেছে।

এর আগে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া নিহতের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছিল ইসরায়েল। যদিও জাতিসংঘ দীর্ঘদিন ধরেই গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথিভুক্ত নিহতের পরিসংখ্যানকে নির্ভরযোগ্য হিসেবে স্বীকৃতি দিয়ে আসছে। ইসরায়েলের দাবি ছিল, হামাসের নিয়ন্ত্রণে থাকা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বিশ্বাসযোগ্য নয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়মিতভাবে নিহতদের নাম ও বয়স প্রকাশ করে থাকে। তাদের সর্বশেষ হিসাব অনুযায়ী, নিহতের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অক্টোবরে শুরু হওয়া যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ৪৮০ জনের বেশি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও যোদ্ধাদের আলাদা করে চিহ্নিত না করা হলেও কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকাংশ নিহত নারী ও শিশু।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক ব্রিফিংয়ের বরাত দিয়ে ইসরায়েলের ওয়াইনেট নিউজ ওয়েবসাইটসহ শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম জানায়, ইসরায়েলি সামরিক বাহিনীও প্রায় একই ধরনের একটি হিসাব মেনে নিয়েছে।

ওয়াইনেটকে এক সামরিক কর্মকর্তা বলেন, ‘আমাদের হিসাব অনুযায়ী, যুদ্ধে প্রায় ৭০ হাজার গাজাবাসী নিহত হয়েছেন। এর মধ্যে নিখোঁজ ব্যক্তিরা অন্তর্ভুক্ত নন। নিহতদের মধ্যে কারা সন্ত্রাসী ছিলেন আর কারা সরাসরি সংঘাতে জড়িত ছিলেন না—তা নির্ধারণে কাজ চলছে।’

এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ‘এই সংক্রান্ত যেকোনো তথ্য বা প্রতিবেদন আনুষ্ঠানিক ও নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে প্রকাশ করা হবে।’

সূত্র: রয়টার্স