
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে মাটির নিচে থাকা নতুন একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে ইরান। বুধবার (৪ ফেব্রুয়ারি) ইসলামিক বিপ্লবী গার্ড আনুষ্ঠানিকভাবে ঘাঁটির তথ্য প্রকাশ করে।
ঘাঁটি পরিদর্শনে যান ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাভি এবং বিপ্লবী গার্ডের এরোস্পেস শাখার প্রধান সায়েদ মাজেদ মৌসাভি। সেখানে তারা মিসাইল সক্ষমতা, প্রস্তুতি ও সামরিক কৌশল সম্পর্কে বিস্তারিত ব্রিফিং নেন। এ সময় অন্যান্য কমান্ডারদেরও এ বিষয়ে অবহিত করা হয়।
সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, শত্রুপক্ষের যে কোনো পরিস্থিতির জন্য ইরান প্রস্তুত। গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর দেশটি প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক কৌশলে গেছে। নতুন পরিকল্পনার অংশ হিসেবে দ্রুত ও বৃহৎ পরিসরে অভিযান চালানোর সক্ষমতা বাড়ানো হচ্ছে। পাশাপাশি অসম যুদ্ধ এবং প্রতিপক্ষের সামরিক কৌশল ভেঙে দেওয়ার দিকেও জোর দেওয়া হচ্ছে।
এদিকে সাম্প্রতিক সময়ে ইরানের আশপাশে যুক্তরাষ্ট্র যুদ্ধজাহাজসহ সেনা উপস্থিতি বাড়িয়েছে। দুই দেশ আলোচনায় বসার সিদ্ধান্ত নিলেও সমাধান না এলে সামরিক সংঘাতের আশঙ্কা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায়, তাহলে তা পুরো অঞ্চলে বড় ধরনের যুদ্ধের সূচনা করতে পারে।