
পশ্চিম আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৭১ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে রয়েছে ১৭ শিশু। মঙ্গলবার (১৯ আগস্ট) হেরাত প্রদেশে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনাকবলিত বাসটিতে সম্প্রতি ইরান থেকে ফেরত পাঠানো আফগানরা ছিলেন। হেরাত প্রদেশের পুলিশ জানিয়েছে, অতিরিক্ত গতি ও অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
প্রাদেশিক কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাঈদী জানান, ইসলাম কালা সীমান্ত ক্রসিং পয়েন্ট থেকে যাত্রা শুরু করে বাসটি রাজধানী কাবুলের দিকে যাচ্ছিল। যাত্রীরা সবাই সম্প্রতি ইরান থেকে বিতাড়িত হয়ে দেশে ফিরে আসা আফগান নাগরিক।
ঘটনার একদিন আগে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি ঘোষণা দিয়েছিলেন যে আগামী মার্চের মধ্যে আরও প্রায় ৮ লাখ আফগানকে দেশ ছাড়তে হবে।
আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদও নিশ্চিত করেছেন, নিহতরা ইরান থেকে ফেরত পাঠানো আফগান নাগরিক। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
নিহতদের অধিকাংশই বাসের যাত্রী হলেও ট্রাকে থাকা দুজন এবং মোটরসাইকেলের আরও দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান।
দীর্ঘ কয়েক দশকের যুদ্ধের পর আফগানিস্তানের জরাজীর্ণ সড়ক অবকাঠামো, বেপরোয়া গাড়ি চালানো ও নিয়ন্ত্রণহীন মহাসড়ক ব্যবস্থাপনার কারণে দেশটিতে সড়ক দুর্ঘটনা প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে।
সূত্র: সময় নিউজ