ভারতের ‘র’-এর এজেন্ট ছিলেন এনএসআইয়ের দুই কর্মকর্তা

web 4 1

জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তিন কর্মকর্তা বিদেশে পালিয়েছে, যার মধ্যে দুই কর্মকর্তা ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্ট হিসেবে কাজ করেছেন এবং সংস্থার গুরুত্বপূর্ণ নথি পাচার করেছেন বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

পালিয়ে যাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন যুগ্ম পরিচালক বদরুল আহমেদ (বিদ্যুৎ), উপপরিচালক আমিনুল হক পলাশ এবং সহকারী পরিচালক তানভীর হোসেন খন্দকার। তারা দুবাই কনস্যুলেট, কলকাতা মিশন এবং ঢাকা থেকে দেশ ত্যাগ করেছেন। পলাশ বিকল্প পাসপোর্ট ব্যবহার করে ভারত থেকে ব্রিটিশ ভিসা নিয়ে লন্ডনে চলে গেছেন। তবে বদরুল আহমেদ ও তানভীর হোসেন বর্তমানে কোথায় আছেন, তা এনএসআই সদর দপ্তর নিশ্চিত করতে পারেনি।

উপপরিচালক পলাশকে লক্ষ্য করে বলা হচ্ছে, তিনি ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের দায়ের করা মামলার মূল পরিকল্পনাকারী ছিলেন। বিভিন্নভাবে তিনি ইউনূসকে হয়রানির দায়িত্ব পালন করেছেন। অভিযোগ রয়েছে, ‘র’-এর এজেন্ট হিসেবে তিনি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্যও পাচার করেছেন। বর্তমানে তিনি লন্ডনে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।

জ্যেষ্ঠ কর্মকর্তা বদরুল আহমেদের দায়িত্ব ছিল ২০১৮ সালের নির্বাচনে রাতের ভোট আয়োজন এবং ২০২৪ সালের ডামি নির্বাচন নিয়ন্ত্রণ করা। তাঁর বিরুদ্ধে বিদেশে টাকা পাচারের অভিযোগও রয়েছে।

সহকারী পরিচালক তানভীর হোসেন খন্দকার অভিযোগ রয়েছে যে, তিনি জাল সনদ ব্যবহার করে চাকরিতে যোগ দিয়েছেন। তার বাবা, র‌্যাবের সাবেক মহাপরিচালক এম খুরশীদ হোসেনও বর্তমানে পলাতক।

এনএসআই কর্তৃপক্ষ এই কর্মকর্তাদের পালানোর বিষয়টি স্বীকার করেছে। সংস্থা জানিয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পলাশের লন্ডনে রাজনৈতিক আশ্রয় চাওয়ার বিষয়টি ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-৬কেও জানানো হয়েছে।

এনএসআই আরও জানিয়েছে, জুলাই অভ্যুত্থানের আগে এই কর্মকর্তারা রাজনৈতিক ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে ফাইল পাঠানো হয়েছে। একই সঙ্গে সংস্থা ভাবমূর্তি পুনরুদ্ধার এবং শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য স্বচ্ছতা বজায় রাখার উদ্যোগ নিয়েছে।