ভারত শেখ হাসিনার ফেরতের ব্যাপারে সাড়া দেয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

image 61

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফেরত দেওয়ার বিষয়ে ভারত এখনও ইতিবাচক সাড়া দেয়নি। তিনি বলেন, “ট্রাইব্যুনালের রায় নিয়ে তারা পরীক্ষা-নিরীক্ষা করছে, আমরা তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।” শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে চার দিনের সরকারি সফরে রংপুরে এসে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র দফতরে কোনো তথ্য নেই। তবে তারেক রহমানের স্ত্রী সম্ভবত আজ দেশে আসবেন। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির কারণে প্রক্রিয়া আজও শুরু হতে পারেনি, তবে খুব দ্রুত চিকিৎসার ব্যবস্থা সম্পন্ন হবে বলেও জানান।

তিনি জানান, নীলফামারীতে প্রস্তাবিত চীনা হাসপাতালের কার্যক্রম দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার শুরু করতে চায় এবং নির্বাচিত সরকার এলে তা সমাপ্ত করবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া রংপুরের প্রত্নতাত্ত্বিক কাজসহ অন্যান্য ক্ষেত্রে ইতিবাচক সরকারের সদিচ্ছার কথাও তিনি উল্লেখ করেন।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পরিদর্শন করবেন রংপুর জমিদার বাড়ি তাজহাট। এছাড়া বিকেলে সার্কিট হাউসে চা-চক্রে অংশগ্রহণের কথা রয়েছে। আগামী দিনে তিনি রংপুরের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং ঐতিহ্যবাহী জিলা স্কুল পরিদর্শন করবেন।