
ঢাকার ধামরাইয়ে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের একটি ভবনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় অবস্থিত ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের ৯ নম্বর ভবনের চতুর্থ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। টানা এক ঘণ্টার প্রচেষ্টায় তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে কারখানার বিদ্যুৎ সরবরাহের আইপিএস (ইনভার্টার পাওয়ার সাপ্লাই) ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, আগুনে কেউ আহত হয়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
এদিকে, ঘটনাটির বিষয়ে ইনসেপটা ফার্মাসিউটিক্যালস কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।