ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় নতুন ‘বাবরি মসজিদ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা ও বিধায়ক হুমায়ুন কবির। ধ্বংসের ৩৩ বছর পর এই মসজিদ নির্মাণের জন্য ইতিমধ্যেই বিপুল অনুদান জমা হয়েছে।

গত শনিবার (৬ ডিসেম্বর) মুর্শিদাবাদের রেজিনগরে অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে হুমায়ুন কবির মসজিদ নির্মাণে ভক্তদের অর্থ সাহায্যের আবেদন করেন। পাশাপাশি সেখানে স্টেইনলেস স্টিলের ১১টি বড় দানবাক্স রাখা হয়। এরপর থেকে অনুদান আসা শুরু হয়েছে। অনলাইনের মাধ্যমেও অনেকে অর্থ দান করছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মোট ১১টি দানবাক্সে নগদ অর্থ এসেছে। এই অর্থ গণনার জন্য ৩০ জন কর্মী নিয়োগ করা হয়েছে এবং হুমায়ুন কবিরের বাড়িতেই এই কাজ চলছে। এখন পর্যন্ত চারটি বাক্সের টাকা গণনা করা হয়েছে।
সোমবার আনন্দবাজার অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, রোববার সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত চারটি বাক্স এবং একটি বস্তা থেকে ৩৭ লাখ ৩৩ হাজার রুপি নগদ পাওয়া গেছে। বাকি সাতটি দানবাক্সের গণনা সোমবার বিকেল ৫টা থেকে শুরু হবে। স্বচ্ছতা বজায় রাখতে এই পুরো প্রক্রিয়া লাইভ সম্প্রচার করা হয়েছে।
হুমায়ুন কবির জানিয়েছেন, শুধুমাত্র ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনই কিউআর কোডের মাধ্যমে ৯৩ লাখ রুপি জমা পড়েছে। তিনি স্পষ্ট করেছেন, মসজিদ নির্মাণে কোনো রাজনৈতিক দলের অর্থ ব্যবহার হচ্ছে না। অনলাইন অভিযোগ মোকাবিলায় তিনি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ নগদ গণনা লাইভ দেখিয়েছেন।
গত শনিবার ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে রাজ্যের প্রায় সব জেলা থেকে বিপুল সংখ্যক মুসলিম উপস্থিত ছিলেন। শত শত আলেম-ওলামা ও হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে হুমায়ুন কবির ফিতা কেটে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষে ৪০ হাজার মানুষের জন্য বিরিয়ানি রান্নার ব্যবস্থা করা হয়েছিল।