
রোববার রাত থেকে ভারতীয় নম্বর ব্যবহার করে প্রসিকিউশন টিমের সদস্যদের ফোনে ধারাবাহিকভাবে হুমকি দেওয়া হচ্ছে। চিফ প্রসিকিউটরসহ পুরো টিমের প্রতিটি সদস্যই এসব হুমকিমূলক কল পেয়েছেন বলে জানিয়েছেন তারা। টিমের সদস্যদের ভাষ্য—রাত থেকেই একের পর এক অশ্রাব্য গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।
প্রসিকিউটর তারেক আবদুল্লাহ জানান, গতকাল সন্ধ্যা থেকেই অজ্ঞাত নম্বর থেকে হুমকি আসতে শুরু করে। আজও বেশ কয়েকটি কল পেয়েছেন তিনি। অধিকাংশ ফোনই এসেছে ভারতের কান্ট্রি কোড ব্যবহার করে। তাকে বলা হয়েছে—শেখ হাসিনার শাস্তি হলে প্রসিকিউশন টিমের কাউকে জীবিত রাখা হবে না।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “অসংখ্য ফোন পেয়েছি। শেষ পর্যন্ত মোবাইল বন্ধ করে দিতে হয়েছে। সবার বক্তব্য একই—নেত্রীর সাজা হলে আমাদের শেষ করে দেবে।”
হুমকি প্রসঙ্গে তিনি আরও বলেন, “ভীরু, কাপুরুষ ও গণহত্যাকারীদের ভাষাই এমন হয়। এসব কথাকে গুরুত্ব দেওয়ার কিছু নেই।”