
ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলানো না পর্যন্ত তার নাম ভুলতে পারবেন না বলে মন্তব্য করেছেন জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের জমজ ভাই ও বিএনপি নেতা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
মঙ্গলবার (১১ নভেম্বর) নিজের ফেসবুক আইডি “মীর স্নিগ্ধ” থেকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি লেখেন— “অন্তরে ঘৃণা নিয়ে যে নামটির জন্ম হয়েছে, সেটি শেখ হাসিনার নাম। শুধু আমার নয়, বরং গত ১৬ বছরে অত্যাচার-নিপীড়নের শিকার সকল সাধারণ মানুষের অন্তরের নাম এটি। যতদিন পর্যন্ত এই খুনি হাসিনাকে ফিরিয়ে এনে দেশের মাটিতে ফাঁসিতে না ঝোলানো হবে, ততদিন সকাল-বিকেল, জাগ্রত কিংবা স্বপ্নে — হাসিনার নাম মাথায় ঘুরবে।”
আরও লিখেছেন, “যতবার এই নাম মুখে আসে, তা কেবল ঘৃণা থেকেই আসে। খুনি শেখ হাসিনা ফাঁসির দড়িতে না ঝুলা পর্যন্ত শান্তি নেই। সেই দিন না আসা পর্যন্ত মুখে বারবার উচ্চারিত হবে শেখ হাসিনার নাম।”
সম্প্রতি বিএনপিতে যোগ দেন মীর স্নিগ্ধ। তিনি জানান, তরুণ প্রজন্ম এবং জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের জন্য বৃহত্তর রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে কাজ করতেই তার এই যোগদান।
গত মঙ্গলবার বিএনপিতে যোগ দেওয়ার পর তিনি গণমাধ্যমে বলেন, এই বড় রাজনৈতিক দলের মাধ্যমে তিনি জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের নিয়ে আরও নিবিড়ভাবে কাজ করতে চান। পাশাপাশি বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখার বিভিন্ন বিষয়ে সরাসরি কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।