প্রবাসে স্বামী, দেশে মর্মান্তিক ঘটনা—ভিডিও কলে স্ত্রীর আত্মহত্যা

image 3

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় নাদিয়া আক্তার (২২) নামের এক প্রবাসী স্ত্রী আত্মহত্যা করেছেন।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ভুমখাড়া ইউনিয়নের নিতিরা গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিতিরা গ্রামের সালাম ফকির দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছেন। সকালে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তার স্ত্রী নাদিয়া বাথরুমের গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। এ সময় তিনি স্বামীর সঙ্গে ভিডিও কলে ছিলেন। ঘটনাটি সরাসরি দেখার পর সালাম ফকির তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যদের অবহিত করেন। স্বজনরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নাদিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হিসেবে ধরা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।