
বগুড়ায় ডাকাতির সময় ৬৫ বছর বয়সী বিমোলা পদ্দারকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনা ঘটে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে দুপচাঁচিয়ার তালোড়ায়।
পুলিশের তথ্য অনুযায়ী, তালোড়া বাজারে বসবাসকারী মৃত রাধেশ্যাম পদ্দারের পাঁচ ছেলে-মেয়ে পরিবারের খৈল-ভুসির ব্যবসা করতেন। তারা সবাই অবিবাহিত। দুইতলা বাড়িটির নিচতলায় দোকান ও গুদামঘর, উপরের তলায় পরিবারটি বসবাস করত।
ঘটনার সময় ৫ থেকে ৭ জন মুখোশধারী ডাকাত ছাদ দিয়ে বাড়িতে প্রবেশ করে, পরিবারের সদস্যদের একে একে হাত-পা বেঁধে ফেলে। একপর্যায়ে বিমোলা পদ্দার বাধা দিলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। ডাকাতরা এরপর বাড়ি থেকে প্রায় সাত লাখ টাকা লুট করে পালিয়ে যায়।
বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা জানিয়েছেন, ভোর সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। একাধিক দল ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে, এবং জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার করা হবে।