
জামায়াত বাদে সব ইসলামী দলকে ঐক্যের আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি বলেন, “জামায়াতের ইসলাম আর আমাদের ইসলাম এক নয়; আমরা মদিনার ইসলাম অনুসরণ করি, আর তারা মওদুদীর ইসলাম পালন করে।”
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দাওয়াতুল ইহসান আয়োজিত ‘কওমি মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য ও অবদান’ শীর্ষক আলোচনা সভা ও জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সূত্র জানায়, সম্প্রতি জামায়াতের সঙ্গে কিছু ধর্মভিত্তিক দলের নির্বাচনী সমঝোতা গড়ে উঠছে। অন্যদিকে, হেফাজত সংশ্লিষ্ট কয়েকটি সংগঠনও জামায়াতের সঙ্গে যুগপৎ আন্দোলনে রয়েছে। এদিকে জমিয়তে উলামায়ে ইসলাম বিএনপির সঙ্গে জোট গঠন করেছে। হেফাজতের কয়েকজন নেতা সম্প্রতি বিএনপি নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন।
দাওয়াতুল ইহসানের সম্মেলনে উপস্থিত জমিয়ত নেতাদের উদ্দেশে বাবুনগরী বলেন, “অতীতেও বহুবার ঐক্যের আহ্বান জানিয়েছি, কিন্তু এখনও কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হয়নি। আমার পরামর্শ— এমন কোনো সিদ্ধান্ত নেবেন না, যা ইসলাম ও ইসলামের মূলধারাকে ক্ষতিগ্রস্ত করে।”
তিনি আরও বলেন, “আমরা এক কঠিন সময় পার করছি। একদিকে ইসলাম ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে, অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধের ওপর নানামুখী আঘাত আসছে। স্পষ্টভাবে বলতে চাই— জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের চুক্তি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ধর্মীয় মূল্যবোধের জন্য এক অশনি সংকেত।”
জামায়াতের প্রতিষ্ঠাতা সাইয়্যেদ আবুল আলা মওদুদীর কঠোর সমালোচনা করে হেফাজত আমির বলেন, “মওদুদীর পুরো জীবন কেটেছে সাহাবিদের বিতর্কিত করার কাজে। সাহাবিদের সত্যের মানদণ্ড না মানলে কোরআন ও হাদিসও প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। তাই বিশ্বের শীর্ষ উলামাদের মত অনুযায়ী, জামায়াতের ইসলাম মদিনার ইসলামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”
তিনি আরও বলেন, “মওদুদীবাদ কাদিয়ানিদের চেয়েও ভয়ংকর ফেতনা। কাদিয়ানিবাদ ইসলামের বাইরে হওয়ায় সহজেই চেনা যায়, কিন্তু মওদুদীবাদ ইসলামের ভেতরের ফেতনা— যা বোঝা অনেক কঠিন।”
সম্মেলনে সভাপতিত্ব করেন দাওয়াতুল ইহসানের সভাপতি আল্লামা আবদুল আউয়াল। এতে উপস্থিত ছিলেন পাকিস্তানের আলেম আল্লামা ইলিয়াস গুম্মান, হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীসহ অন্যান্য শীর্ষ আলেমরা।