
রাজধানী ঢাকার নবাবগঞ্জে তাবলিগ জামায়াতের আমির ও সংকরখালী মসজিদের মুয়াজ্জিন মো. রফিকুল ইসলাম কবিরাজ (৫৮) কে গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (৯ নভেম্বর) সকালে পুলিশ সংকরখালী ব্রিজের কর্নিস থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রফিক সকাল ভোরেই প্রতিদিনের মতো ফজরের নামাজের আযান দেওয়ার জন্য বাসা থেকে বের হন। স্থানীয়রা দেখতে পান, তিনি ব্রিজে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের স্ত্রী লুবনা বেগম (৫০) জানান, কয়েকদিন ধরে তার স্বামী ও ছেলেকে হত্যার হুমকি দিচ্ছিল দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা ভোরে এক সময় রফিককে হত্যা করেছে।
স্থানীয়রা দাবি করছেন, রফিক অত্যন্ত ভদ্র ও পরহেজগার মানুষ ছিলেন। তিনি আত্মহত্যা করেননি; তাকে হত্যা করা হয়েছে।
নবাবগঞ্জ থানার ওসি মো. মমিনুল ইসলাম বলেন, “মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”