১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট, জারি হলো মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

image 100

আগামী ১৮ এপ্রিল থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে ধর্ম মন্ত্রণালয় হজ এজেন্সি ও হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সগুলোকে জরুরি নির্দেশনা দিয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়ার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, হিজরি ১৪৪৭ (২০২৬) সালের হজযাত্রীদের ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, একই সার্ভিস কোম্পানির হজযাত্রীদের একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬ অনুযায়ী, প্রত্যেক এজেন্সি তাদের মোট হজযাত্রীর কমপক্ষে ২০ শতাংশ প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী পর্যায়ে পাঠাবে এবং প্রথম ও শেষ পর্যায়ে ৩০-৫০ শতাংশ হজযাত্রী সৌদি আরবে পাঠানোর দায়িত্ব থাকবে। তবে প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ পর্যায়ে ৩০ শতাংশের কম বা ৫০ শতাংশের বেশি হজযাত্রী প্রেরণ করা যাবে না।

ধর্ম মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী এক সার্ভিস কোম্পানির হজযাত্রীদের একই ফ্লাইটে প্রেরণ এবং প্রি-হজ ফ্লাইটের নির্ধারিত ভাগে বিমান টিকেট ক্রয়ের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে এ নির্দেশনা অত্যন্ত জরুরি।