সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ২৫০ কোটি জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে—এমন একটি খবর ছড়িয়ে পড়লেও গুগল একে সম্পূর্ণ গুজব বলে জানিয়েছে। প্রতিষ্ঠানটি স্পষ্ট করেছে, বাস্তবে এমন কোনো ঘটনা ঘটেনি। তবে জিমেইল ব্যবহারকারীদের লক্ষ্য করে হ্যাকারদের অননুমোদিত প্রবেশের চেষ্টা এবং ফোনকলভিত্তিক প্রতারণা বেড়েছে বলে সতর্ক করা হয়েছে।
গুগল জানিয়েছে, তারা কখনোই ফোন করে ব্যবহারকারীদের পাসওয়ার্ড রিসেট করতে বা অ্যাকাউন্ট সমস্যার সমাধান করতে বলে না। কিন্তু প্রতারকরা গুগলের অফিসিয়াল সাপোর্ট নম্বর +1 650-253-0000 নকল বা স্পুফ করে কল করছে। এই নম্বর থেকে ফোন এলে ধরে নিতে হবে, কেউ আপনার জিমেইল অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করছে।
প্রতারকরা সাধারণত নিজেদের গুগলের কর্মী পরিচয় দিয়ে জানায়, অ্যাকাউন্টে সন্দেহজনক কার্যক্রম ধরা পড়েছে। এরপর নিরাপত্তার অজুহাতে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন বা কোনো নির্দেশ মানতে চাপ দেয়। অনেক ক্ষেত্রে তাদের উচ্চারণ ও কথাবার্তা এমনভাবে সাজানো থাকে, যেন তারা সত্যিই গুগলের অফিসিয়াল প্রতিনিধি।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন—
১. কোনো ফোন কল পেলে সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড পরিবর্তন করবেন না বা কোনো লিংকে ক্লিক করবেন না।
২. সরাসরি গুগল অ্যাকাউন্টে লগইন করে Security → Review Security Activity অপশন থেকে সন্দেহজনক কার্যক্রম যাচাই করুন।
৩. নিয়মিত সিকিউরিটি চেকআপ চালান, পুরোনো পাসওয়ার্ড পরিবর্তন করুন এবং পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন।
৪. এসএমএসভিত্তিক দুই স্তরের নিরাপত্তা (2FA) পরিহার করে অথেন্টিকেটর অ্যাপ ব্যবহার করুন।
৫. সম্ভব হলে পাসকি (Passkey) সক্রিয় করুন।
বিশেষজ্ঞদের মতে, দুর্বল পাসওয়ার্ড এখনো সবচেয়ে বড় ঝুঁকি। ফিশিং, ক্রেডেনশিয়াল স্টাফিং ও সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হ্যাকাররা সহজেই অ্যাকাউন্ট দখল করতে পারে। শক্তিশালী পাসওয়ার্ড, দুই স্তরের নিরাপত্তা এবং পাসকি ব্যবহারে এ ধরনের আক্রমণ অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।
