
গাইবান্ধার গ্রামের ১১ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কিশামত সদর গ্রামে ১১ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দিয়েছে। জানা গেছে, তারা সবাই গ্রামের একটি রোগাক্রান্ত গরু জবাই ও মাংস কাটাকাটিতে যুক্ত ছিলেন। আক্রান্তদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় ইউপি সদস্য হাফিজার রহমান জানান, ঘটনার সময় (২৯ সেপ্টেম্বর) মন্টু মেম্বারের বড় ভাই মাহবুর রহমানের রোগাক্রান্ত গরুটি স্থানীয়রা জবাই করে মাংস কাটাকাটি করেন। চার দিন পর বৃহস্পতিবার (২ অক্টোবর) আক্রান্তদের শরীরের বিভিন্ন অংশে ফোসকা দেখা দিতে শুরু করে এবং মাংসে পচন দেখা যায়। বিশেষ করে হাত, নাক, মুখ ও চোখে উপসর্গগুলো লক্ষণীয়।
আক্রান্তদের মধ্যে মো. মোজা মিয়া, মোজাফফর মিয়া, মো. শফিকুল ইসলাম ও মাহবুর রহমানের অবস্থা গুরুতর হওয়ায় তাদের গাইবান্ধার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।