সুখবর! আবার চালু হলো বাংলাদেশে অন-অ্যারাইভাল ভিসা

image 193

নির্বাচনকালীন নিরাপত্তার কারণে সাময়িকভাবে স্থগিত থাকা বাংলাদেশে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পুনরায় চালু করেছে দেশের অন্তর্বর্তী সরকার। এর ফলে বিদেশি নাগরিকরা আগের মতোই বাংলাদেশে পৌঁছানোর পর বিমানবন্দর থেকে সরাসরি ভিসা নিতে পারবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (১৯ জানুয়ারি) এ সিদ্ধান্ত জানায় এবং সঙ্গে সঙ্গে বিশ্বের সকল বাংলাদেশ মিশনে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়। এর ফলে বিদেশি নাগরিকরা আগের নিয়ম অনুযায়ী বিমানবন্দরে এসে অন-অ্যারাইভাল ভিসা সংগ্রহ করতে পারবেন। বহু বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। তবে মন্ত্রণালয় আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

এর আগে জানানো হয়েছিল, ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাসের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা স্থগিত থাকবে। ওই সময়ে বিদেশি নাগরিকদের বাংলাদেশে আসার জন্য দূতাবাস থেকে ভিসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।

ইউরোপে অবস্থিত বাংলাদেশের এক মিশনের কূটনৈতিক জানিয়েছেন, ঢাকা থেকে অন-অ্যারাইভাল ভিসা পুনরায় চালুর নির্দেশনা এসেছে এবং সংশ্লিষ্ট দফতরগুলোকে অবহিত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিমানবন্দর থেকে ভিসা প্রদান করার সময় প্রয়োজনীয় নথি, ভ্রমণের উদ্দেশ্য ও অন্যান্য তথ্য যাচাই-বাছাই করতে হবে। কোনো অসঙ্গতি ধরা পড়লে ইমিগ্রেশন কর্তৃপক্ষ যাত্রীকে ফেরত পাঠাতে পারবে।

বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, চীন, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, মিসর, তুরস্ক, ব্রুনাই, মালদ্বীপ, ভুটানসহ ইউরোপীয় দেশগুলোর নাগরিকরা পর্যটন, বাণিজ্য, বিনিয়োগ বা চাকরির উদ্দেশ্যে বাংলাদেশে এসে অন-অ্যারাইভাল ভিসা নিতে পারবেন।

আগে যেসব কারণে সাময়িক স্থগিত করা হয়েছিল তা ছিল নির্বাচনকালীন সময়ে নিরাপত্তার কারণে এবং অবাঞ্ছিত ব্যক্তিদের প্রবেশ প্রতিরোধ করা। তবে যারা বৈধ ভিসা ও সঠিক উদ্দেশ্য নিয়ে আসবেন, তাদের বাংলাদেশে প্রবেশে কোনো বাধা ছিল না।

নির্বাচনকালীন সময়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বিদেশিদের প্রবেশ যাচাই-বাছাই করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শে এই সাময়িক স্থগিতাদেশ জারি করা হয়েছিল।