
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১২:৩০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার আদর্শ নগর এলাকা থেকে এক বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব-১০ অভিযুক্ত রাসেল মিয়াকে গ্রেফতার করেছে।
র্যাব-১০-এর একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেফতারকৃত রাসেল মিয়া চাঁদপুর জেলার মতলব দক্ষিণের চিরাইও গ্রামের সোহরাব মেম্বারের ছেলে। চাঞ্চল্যকর এই চুরির মামলার প্রেক্ষিতে গোয়েন্দা তথ্য ও তথ্য-প্রযুক্তির মাধ্যমে অভিযান শুরু করা হয় এবং ফতুল্লা থেকে তাকে ধরা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।
পুলিশ ও দোকানমালিকের তথ্য অনুযায়ী, গত ৫ অক্টোবর রাত ৯টা থেকে ৬ অক্টোবর সকাল ১০টার মধ্যে যাত্রাবাড়ী চৌরাস্তাসংলগ্ন রায়হান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ‘লিলি গোল্ড হাউজ’ নামের সোনার দোকানে চুরির ঘটনা ঘটে। চোরেরা পাশের একটি দোকানের দেয়াল ভেঙে দোকানে প্রবেশ করে এবং দোকানের ভল্টে রাখা ১২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ ৫০ হাজার টাকা চুরি করে। এছাড়াও দোকানে থাকা সিসিটিভি ক্যামেরার ডিভাইসও নিয়ে যায় তারা।
দোকানটির মালিক জাবির হোসেন যাত্রাবাড়ী থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তিনি তার ছোট ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে ওই মার্কেটে ব্যবসা পরিচালনা করছেন। চোরেরা পাশের দীর্ঘদিন বন্ধ থাকা ৩ নম্বর দোকানের দেয়াল ব্যবহার করে চুরির ঘটনাটি ঘটিয়েছে বলে ধারণা করেন তিনি।
মালিক দাবি করেন, কয়েকদিন ধরে কিছু ব্যক্তি সন্দেহজনকভাবে তাদের দোকানের আশেপাশে ঘোরাফেরা করছিল। অভিযোগপত্রে এইদের মধ্যে একজনকে শনাক্ত করার কথাও উল্লেখ করা হয়েছে।