গাজায় ইসরাইলি আগ্রাসনকে গণহত্যা ঘোষণা করে প্রস্তাব পাস লেবার পার্টির

image 223

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরাইলি আগ্রাসনকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়ে ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টি একটি প্রস্তাব পাস করেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) লিভারপুলে অনুষ্ঠিত দলের সম্মেলনে প্রতিনিধিদের ভোটে এ প্রস্তাব অনুমোদিত হয়। যদিও ব্রিটিশ সরকার এখনো আনুষ্ঠানিকভাবে এটিকে গণহত্যা বলেনি, তবে এই সিদ্ধান্ত সরকারের ওপর চাপ আরও বাড়িয়েছে।

এর আগে ১৬ সেপ্টেম্বর জাতিসংঘের কমিশন অব ইনকয়ারি এক প্রতিবেদনে গাজায় ইসরাইলের কর্মকাণ্ডকে গণহত্যা আখ্যা দেয় এবং এ জন্য দেশটির প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতৃত্বকে দায়ী করে। এই প্রতিবেদনকে সমর্থন জানিয়ে লেবার পার্টি জরুরি প্রস্তাব আনে। ব্রিটিশ ট্রেড ইউনিয়নগুলোও এতে জোরালো সমর্থন জানিয়েছে।

তবে দলের নেতা ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং কয়েকজন মন্ত্রী গণহত্যা শব্দ ব্যবহারে দ্বিধান্বিত। তাদের মতে, এ সিদ্ধান্ত আন্তর্জাতিক আদালতের ওপর ন্যস্ত হওয়া উচিত। বর্তমানে ইসরাইল হেগের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলার মুখোমুখি রয়েছে।

ভোটের পর উপ-প্রধানমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, “গণহত্যা কিনা তা নির্ধারণের দায়িত্ব আইসিজে ও আইসিসির বিচারকদের, রাজনীতিকদের নয়।”

প্রস্তাবে অধিকৃত অঞ্চল থেকে পণ্য আমদানি বন্ধ, গাজায় অবাধ মানবিক সহায়তা পাঠানো এবং ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করার দাবি জানানো হয়। প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইনের পরিচালক বেন জামাল একে “ঐতিহাসিক সিদ্ধান্ত” আখ্যা দিয়ে বলেন, সরকারকে এখন অবশ্যই এটিকে নীতি হিসেবে গ্রহণ করতে হবে, নইলে তারা বিশ্ব থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে।

অন্যদিকে ইসরাইল এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছে, লেবার পার্টি হামাসকে সমর্থন করছে এবং ভুয়া গণহত্যার প্রচারণা গ্রহণ করছে।