
তানজানিয়ার মাউন্ট কিলিমানজারোতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।
কিলিমানজারো আঞ্চলিক পুলিশ কমান্ডার সাইমন মাইগওয়া জানান, পর্বতে অসুস্থ কয়েকজন আরোহীকে উদ্ধার করতে যাওয়ার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনাটি পর্বতের প্রায় ৪ হাজার ৬৭০ থেকে ৪ হাজার ৭০০ মিটার উচ্চতায় ঘটে।
নিহতদের মধ্যে দুজন বিদেশি নাগরিক, একজন ট্যুর গাইড, একজন চিকিৎসক এবং হেলিকপ্টারের পাইলট রয়েছেন বলে জানান তিনি।
মাউন্ট কিলিমানজারো তানজানিয়ার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। প্রতি বছর প্রায় ৫০ হাজার পর্যটক এই পর্বতে আরোহণ করেন। উচ্চতাজনিত অসুস্থতা বা দুর্ঘটনায় আহত পর্বতারোহীদের উদ্ধারে নিয়মিতভাবে হেলিকপ্টার ব্যবহৃত হয়ে থাকে।
এই অঞ্চলটি দুর্বল বায়ুপ্রবাহ ও দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার জন্য পরিচিত, যা প্রায়ই জরুরি উদ্ধার অভিযানকে জটিল করে তোলে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, কিলিমানজারো পর্বতে বিমান দুর্ঘটনা তুলনামূলকভাবে বিরল। সর্বশেষ এমন একটি দুর্ঘটনা ঘটেছিল ২০০৮ সালের নভেম্বরে, যেখানে চারজন নিহত হন।