
উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি সাততলা ভবনে অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) ফায়ার সার্ভিস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে অবস্থিত একটি সাততলা ভবনের দ্বিতীয় তলার একটি বাসাবাড়িতে আগুন লাগে। খবর পেয়ে সকাল ৭টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিসকে জানানো হয় এবং ৭টা ৫৮ মিনিটে উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি আরও জানান, সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং সকাল ১০টার দিকে পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়।
এই অগ্নিকাণ্ডে দুই নারী ও এক পুরুষসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত অবস্থায় ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।