মতিঝিলে মেট্রোরেল স্টেশনের পার্শ্ববর্তী ভবনে আগুন লাগল

image 481

রাজধানীর মতিঝিল এলাকায় মেট্রোরেল স্টেশনের পাশে একটি নির্মাণাধীন ভবনে আগুন লেগেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নির্মাণাধীন ভবনের সামনে রাখা চট বা ত্রিপল থেকে আগুনের সূত্রপাত হয়। মিলন মিয়া বলেন, “প্রথমে কনস্ট্রাকশন বিল্ডিংয়ের সামনে রাখা চটে আগুন ধরে যায়। এরপর তা নিচে থাকা বিদ্যুৎ ও ইন্টারনেটের তারেও ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষজন আগুন নেভানোর চেষ্টা করছেন।”

মেট্রোরেলের নিরাপত্তা কর্মীরা এই অগ্নিকাণ্ডের জন্য নির্মাণকাজের অনিয়মকে দায়ী করেছেন। আব্দুল কাদের বলেন, “মেট্রোরেল স্টেশনের এত কাছে নির্মাণকাজ চলে। আমরা বারবার সতর্ক করেছি যে মেট্রোরেল চলাকালীন সময়ে ঝালাই বা অন্য বিপজ্জনক কাজ না করতে।”

শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছিলেন। তারা জানিয়েছেন, যদিও দমকল বাহিনীকে খবর দেওয়া হয়েছে, তারা এখনও ঘটনাস্থলে পৌঁছায়নি।

অগ্নিকাণ্ডে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ব্যস্ত সময়ে মেট্রোরেল স্টেশনের পাশে আগুন লাগার কারণে যাত্রীদের মধ্যে সাময়িক আতঙ্ক এবং উত্তেজনা দেখা দিয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।