অস্ত্রোপচারের পরও মাথায় গুলি, শিশু হুজাইফা এখনো লাইফ সাপোর্টে

image 103

মিয়ানমার সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে আহত শিশু হুজাইফা আফনান (৯) এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। জটিল অস্ত্রোপচারের পরও তার মাথা থেকে গুলি বের করা সম্ভব হয়নি, এবং শিশুটির অবস্থা এখনও আশঙ্কাজনক। হুজাইফা আফনান কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এলাকার জসিম উদ্দিনের মেয়ে।

সোমবার (১২ জানুয়ারি) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিটি এমন স্থানে অবস্থান করছে যা সরাসরি বের করলে রক্তক্ষরণে শিশুটির মৃত্যু ঘটতে পারে। গুলিটি যে স্থানে আছে সেটিকে ভাইটাল সেন্টার বলা হয়। বর্তমানে মস্তিষ্কের চাপ কমানো হচ্ছে এবং শিশুটি ভেন্টিলেশনে রাখা হয়েছে। রোববার রাতে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে, এবং অবস্থা আগের মতোই রয়েছে।

এর আগে রোববার সকাল ৯টার দিকে মিয়ানমারের অভ্যন্তরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষের সময় ছোড়া গুলিতে গুরুতর আহত হন শিশু হুজাইফা। প্রথমে তাঁর নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লেও পরে জানা যায় শিশুটি বেঁচে আছে। বিকেলে তাকে চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় এবং অবস্থা ক্রমশ খারাপ হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।